বঙ্গবন্ধুর মন্ত্রীত্ব গ্রহণের  স্মারক ডাকটিকেট অবমুক্ত

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২০  
১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর কোয়ালিসন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ ও গ্রামীণ সহায়তা বিষয়ক মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর বুধবার দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে। ঢাকায় বেইলী রোডস্থ তার সরকারি ভবনস্থ দপ্তর থেকে এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড অবমুক্ত ও বিশেষ সিলমোহর প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার । উদ্বোধনের পর থেকেই এই ডাকটিকেট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিও ও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, পরবর্তীতে দেশের সকল ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। এছাড়াও উদ্বোধনী খামে ব্যবহারের জন্য দেশের চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।